মুক্তামনির চিকিৎসা নিয়ে বার্ণ ইউনিটে সংবাদ সম্মেলন কাল

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আগামিকাল বৃহস্পতিবার সাড়ে ১১ টায় মুক্তামনির চিকিৎসা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন।
 
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি প্রকল্পসমূহের সম্বনয়কারী চিকিৎসক ড. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রসঙ্গত, ১২ বছরের শিশু মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডানহাত এখন ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারি হয়ে উঠেছে। এ রোগ তার দেহের সর্বত্র ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন ডাক্তাররা। সম্প্রতি মুক্তামনির এই বিরল রোগ নিয়ে ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ডা. সামন্ত লাল সেনের তত্ত্বাবধানে মুক্তামনির চিকিৎসা শুরু হয়। এজন্য আট সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। মুক্তামনি সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে।
 
ইত্তেফাক/রেজা