গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজউকের নিজস্ব আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্প গ্রহণ করতে হবে।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই এ নির্দেশ দেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বেদখল হওয়া জমি উদ্ধার ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে বরাদ্দ প্রদান করতে হবে। অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এগুলো দ্রুত উদ্ধার করতে হবে।
তিনি বলেন, মতিঝিলে ২০ কাঠা জমির একটি প্লট উদ্ধার করা হয়েছে। এ জমিতে কোন প্রকল্প গ্রহণ করা না হলে এটি আবারো বেদখল হবে। অনেক বাণিজ্যিক ভবন যথাযথ তদারকীর অভাবে রাজউক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক আবাসিক এলাকায় কোথাও কোথাও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব ভবন মালিকদের কাছ থেকে যথাযথ অর্থ আদায় করে বাণিজ্যিক প্লট হিসেবে পরিবর্তন করতে হবে।
পূর্তমন্ত্রী বলেন, যে সব পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক প্লট রয়েছে সেগুলোর মূল্য নির্ধারণ করে দ্রুত বরাদ্দের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দীর্ঘ সময় ব্যয় করায় রাজউকের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে রাজউককে লক্ষ রাখতে হবে যে, কোন কাজে এসে জনগণ যাতে হয়নানির শিকার না হয়। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীর সে দৃষ্টি নিয়েই কাজ করতে হবে।
পরিদর্শনকালে রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, সদস্য (পরিকল্পনা) জিয়াউল হক, সদস্য (স্টেট) মো. আমজাদ আলী, সদস্য (প্রশাসন ও অর্থ) ফারুখ আহমেদ, সদস্য (নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও ডিজাইন) এ এস এম রায়হানুল ইসলাম, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/ইউবি