গ্যারেজে লুকিয়ে রাখা ৪ কোটি টাকার অবৈধ গাড়ি জব্দ

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে প্রায় ৪ কোটি টাকার মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। 
 
বুধবার দুপুরে সিদ্ধেশ্বরীর ‘সুধীসমাজ’ আবাসিক এলাকার 'হাসিব ভিলা'র (১৫, সিদ্ধেশ্বরী রোড) গ্যারেজে লুকিয়ে রাখা অবস্থায় বিএমডব্লিউ এক্স-৫ মডেলের জিপ গাড়িটি জব্দ করা হয়। কালো রঙের ওই বিলাসবহুল গাড়িটিতে ঢাকা-মেট্রো-ঘ-১৪-১৭৬০ নম্বরের এনালগ নম্বর প্লেট সংযুক্ত ছিল। 
 
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গাড়িটি ‘কার্নেট ডি’ প্যাসেজ সুবিধায় (শুল্কমুক্ত) সুবিধায় আমদানি করা হয়। আইনগত প্রক্রিয়ায় অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 
 
সূত্র আরো জানায়, কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী জনৈক আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট সুবিধায় চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় খালাস নিয়েছিলেন। কিন্তু তিনি তা ফেরত না নিয়ে বিক্রি করে দেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।   
 
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই বছর ধরে চলমান অবৈধ বিলাসবহুল গাড়ি আটকের অভিযান এড়াতে ব্যবহারকারী গাড়িটি এই গ্যারেজে লুকিয়ে রাখে। কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির ওপর প্রযোজ্য শুল্ক ৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ টাকা। গাড়িটির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। গাড়িটি বর্তমানে শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি