এফবিআই প্রধান ক্রিস্টোফার রে-র নিয়োগ নিশ্চিত করলো মার্কিন সিনেট

যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন পরিচালক হিসেবে সাবেক আইনজীবী ক্রিস্টোফার রে’র নিয়োগ নিশ্চিত করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার সিনেটে ৯২-৫ ভোটে তাকে সমর্থন দেন সিনেটররা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার তিনমাস পর ক্রিস্টোফার রে’ নতুন পরিচালক  হিসেবে দায়িত্ব পেলেন।
 
ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতা নিয়ে বিবাদের জেরে পদচ্যুত হন কোমি। ৯ মে তার বরখাস্তের পর বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে রুশ সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের দায়িত্ব দেয় মার্কিন বিচার বিভাগ। ফলে এবার মুলারের সঙ্গে এই তদন্তে থাকছেন রে। গত মাসে শপথের সময় মুলারের প্রশংসাও করেছিলেন রে। সেই সময় তিনি বলেছিলেন, কোনোরকম রাজনৈতিক কিংবা প্রেসিডেন্টের চাপে দায়িত্ব অবহেলা করবেন না তিনি। মঙ্গলবার রিপাবলিকান সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি বলেন, এই মুহূর্তে রে’র স্বাধীনভাবে কাজ করা খুবই জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ।
 
এর আগে ২০০০ সালে এনকর্প কর্পোরেশনের প্রতারণা মামলাতে কোমির সঙ্গে কাজ করেছিলেন ক্রিস্টোফার রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেলের সহযোগী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন রে। তাকে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সমর্থন দিয়েছেন ওবামা প্রশাসনে কাজ করা দুই ডেমোক্রেট নেতাও। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির