মানিকগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জাহাঙ্গীর হোসেনের প্রতিবেশী লালচান মিয়া জানান, দুপুরে বাড়ির উঠানে শিশু জিসান খেলা করছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে থাকা ঘরের টিনের বেড়া থেকে শিশুটি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার মা ও চাচা।

ধলেশ্বরী নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শুক্রবার সকালে সদর উপজেলার জাগীর এলাকায় ধলেশ্বরী নদী থেকে ফজর আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ফজর আলী উকিয়ারা গ্রামের রুপাই আলীর ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গরুসহ তিনি বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। গরুকে গোসল করিয়ে তিনি নিজে গোসল করতে নেমে নদীতে ডুব দিয়ে আর উঠে আসেননি।  দেড়ঘণ্টা পর ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. হানিফ আলী বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।