ইসিতে প্রেষণে যুগ্ম-সচিব নিয়োগ

আশ্বাসে কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহার

 
জনপ্রশাসনের যুগ্ম-সচিব নির্বাচন কমিশনে যোগ দেবে না-কমিশনের এমন আশ্বাসে সব ধরণের কর্মসূচি প্রত্যাহার করেছেন কর্মকর্তারা। ‘ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন’ এর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
 
খন্দকার মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দাবি যৌক্তিক বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে যুগ্মসচিব পদে যোগ না দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
 
তিনি বলেন, আমাদের দাবি ইসির নিজস্ব কর্মকর্তাদের পক্ষ থেকে ইসিতে একজন যুগ্মসচিব রাখার। সর্বশেষ কমিশনে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব ইসির নিজস্ব কর্মকর্তা ছিল।
 
ইসির পক্ষ থেকে অতিরিক্ত সচিব আমাদের জানিয়েছেন-জনপ্রশাসনের প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তা ইসিতে যোগ দেবে না। ইসি কর্মকর্তাই থাকবে এখানে। 
 
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে যুগ্মসিচব নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। 
 
গত মঙ্গলবার এক আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএসডি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল হাসানকে প্রেষণে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নিয়োগ দেয় সরকার। ওই কর্মকর্তার নিয়োগ প্রত্যাহারের দাবিতে গত বুধবার কর্ম বিরতি শুরু করে ইসির কর্মকর্তারা। 
 
ইত্তেফাক/কেকে