বাংলাদেশ ও ভারতের এখন সোনালি অধ্যায় চলছে --- রিভা গাঙ্গুলী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ ও ভারত এখন সোনালী অধ্যায় পার করছে। সিলেট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই সিলেটের সঙ্গে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই তিন রাজ্যের সঙ্গে সিলেটের ভাষা, সংস্কৃতি ও সামাজিকতায় সুনিবিড় সম্পর্ক রয়েছে। ফলে প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সিলেটে একটি ভারতীয় ভিসা কেন্দ্র চালু করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুরে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ির সামনে সর্বজনীন পূজামণ্ডপের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতির সুষ্ঠু বিকাশে ভারত সহযোগিতা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশন কমলগঞ্জে কয়েকটি কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে। ভারতীয় হাইকমিশনের সহায়তায় ২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে তিলকপুর সর্বজনীন পূজামণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে মণিপুরী সমাজ কল্যাণ সংস্থার প্রাক্তন সভাপতি সালিয়া সিংহের সভাপতিত্বে ও মনা সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভা গাঙ্গুলী দাস। বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ডি কে কৃষ্ণমূর্তি, মণিপুরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আনন্দ মোহন সিংহ, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এর আগে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ভারতের সহায়তায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মণিপুরী থিয়েটারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।