কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি, মেজরসহ ২ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে ভারতের  নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এক মেজরসহ দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
IMG0
রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় জঙ্গিরা। এর ফলে দুই পক্ষে গোলাগুলি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে দ্রুত সবাইকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি হাসপাতালে নেওয়া হয়। এই হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে শোপিয়ানে তল্লাশি চলছে।
IMG1
এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে গতকাল সকালে গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দু’জন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন। পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তার এক সহযোগী। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু