২৫০ পাটকল শ্রমিককে আসামি করে মামলা

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর থানার এস আই অমিত কুমার বাগচী এ মামলা করেন। তবে গতকাল দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ জানান, গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক নগরীর নতুন রাস্তা মোড়স্থ পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ ৪ পুলিশ আহত হন। এছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, বকেয়া মজুরি ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করে। ওই দিন কর্মসূচি চলাকালে সকাল ১০টার দিকে হঠাত্ শ্রমিকরা ঐ পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় ৪ পুলিশ আহত হন।