শাবিতে সিএসই ক্যার্নিভালে তরুণ প্রযুক্তি প্রেমীদের মিলনমেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ প্রযুক্তি প্রেমীদের মিলনমেলা বসেছে। ‘সিএসই কার্নিভাল’উপলক্ষে শুক্রবার দেশের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রযুক্তিবিদরা ভিড় জমিয়েছেন সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয়টিতে। 
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. শহিদুর রহমান, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম, অধ্যাপক ড. সালমা ইসলাম ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ। 
 
আয়োজক সূত্রে জানা যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতা, রোবটিক্স প্রতিযোগিতা এবং গেমিং প্রতিযোগিতা এই চারটি ইভেন্টে সহস্রাধিক প্রতিযোগী প্রতিযোগিতা করবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৫১টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬০টি দল, হ্যাকাথন প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৬টি দল এবং রোবটিক্স প্রতিযোগিতায় ২৮ টি দল অংশগ্রহণ করছে। 
 
ষষ্ঠ বারের মতো এ কার্নিভাল উপলক্ষে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
 
 
ইত্তেফাক/ইউবি