কিডনির সংক্রমণ ও ডিহাইড্রেশনের(পানি শূন্যতা) সমস্যা নিয়ে ২ আগস্ট থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (৯৪)। অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।দিলীপ কুমারের জন্য চিকিৎসকদের একটি দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেই টিমের সদস্য চিকিৎসক জালাল ডি পার্কার সাংবাদিকদের বলেন, ‘দিলীপ কুমার ভাল নেই। তার ডায়ালাইসিস চলছে। কিন্তু ভেন্টিলেটর(কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার যন্ত্র) দেওয়া হয়নি।’
বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিলীপ কুমারের বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। হাসপাতালে সব সময় অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু।
ইত্তেফাক/রেজা