পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দর্শন লাল। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদকে দিয়ে ২০ বছর পর কোনো হিন্দু ধর্মের অনুসারী পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।
এর আগে দেশে শেষ বারের মতো হিন্দু মন্ত্রী হয়েছিলেন ‘পাকিস্তান হিন্দু পার্টি’-র প্রতিষ্ঠাতা রানাচন্দ্র সিংহ। শুক্রবারই শপথ নিয়েছে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর নতুন মন্ত্রিসভা। মোট ৪৭জন সদস্যের এই নয়া মন্ত্রিসভায় ফেডারেল মন্ত্রী ২৮ জন, প্রাদেশিক মন্ত্রী ১৯ জন। দর্শন লাল পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন।
২০১৩ সালে পিএমএল-এন এর টিকিটে জিতে দ্বিতীয় বারের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হয়ে ছিলেন দর্শন লাল। পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার মিরপুরের মাথেলার বাসিন্দা তিনি।
একই সঙ্গে প্রায় চার বছর বাদে কোনো পররাষ্ট্র মন্ত্রী পেল পাকিস্তান। আব্বাসীর মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খাজা মোহাম্মদ আসিফ। তিনি নওয়াজ শরিফের মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও বিদ্যুৎমন্ত্রী ছিলেন। পাকিস্তানের সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার। ২০১৩ সালে শপথ নেওয়া নওয়াজ শরিফের মন্ত্রিসভায় কোনও পররাষ্ট্র মন্ত্রী ছিল না।
শুক্রবার শপথ নেওয়া নতুন মন্ত্রিসভায় অনেকেই শরিফের মন্ত্রিসভার সদস্য ছিলেন। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির