‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি জনগণের সঙ্গে ভালো আচরণ করে, অপকর্ম না কলে জনগণকে আস্থায় রাখে তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’
শনিবার নগর ভবনের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নাগরিক শোক শোভাযাত্রা উদ্বোধনের আগে শোক সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ শোক শোভাযাত্রা ও সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর নামে শোক দিবসে কোনো চাঁদাবাজি চলবে না। কোনো প্রকার অপকর্ম চলবে না। ভালো আচরণ দিয়ে আপনারা শোক দিবসের গাম্ভীর্য বজায় রাখবেন। চাঁদাবাজির মতো খারাপ কাজ থেকে বিরত থাকবেন।’
তিনি বলেন, ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে, শেখ হাসিনাকে সরকার থেকে, ক্ষমতা থেকে হটানোর জন্য। আজকের এই শোভাযাত্রা থেকে শপথ নিতে হবে- ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে জীবন দিয়ে হলেও ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শোককে শক্তিতে রূপান্তর করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে কোনও শক্তি তাকে দমন করতে পারবে না।’
নাগরিক শোক শোভাযাত্রা বিকাল সোয়া চারটায় শুরু হয়। গুলিস্তান মাজার থেকে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মত্স্য ভবন মোড় হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। শোক সভায় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ অংশ নেন।
ইত্তেফাক/এএম।