মিডিয়াঙ্গনের সাম্প্রতিক আলোচিত বিষয় কলকাতার অভিনেতা পরমব্রত এবং তার বিরুদ্ধে জিডি। পর্যটন ভিসায় বাংলাদেশে এসে অভিনয় করে যাচ্ছেন, এমন অভিযোগ উঠেছে ভারতীয়সহ দেশের বাইরের অনেক শিল্পী ও কলাকুশলীর বিরুদ্ধে।
নিয়ম ভেঙে বাংলাদেশে কাজ করার অভিযোগ এনে গত বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ছোট পর্দার ১৩ সংগঠনের জোট ‘এফটিপিও’-এর সদস্যসচিব নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত। বিষয়টি নিয়ে বেশ তুলকালাম বাঁধতে দেখা গেছে, এরমধ্যে কেউ পক্ষে, কেউবা পরমব্রতর পক্ষ নিয়ে জিডির বিপক্ষে কথা বলেছেন।
এবার আসা যাক বিষয়টি নিয়ে অভিনেতা পরমব্রত কী বলেন। নিজের বিরুদ্ধে জিডি হওয়া প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘জিডি হয়েছে এটা আমি জেনেছি। আমার মনে হয় বড় আকারের একটা ভুল বোঝাবুঝির ফলে এটা হয়েছে। আমাকে যারা এখানে হায়ার করে নিয়ে এসেছেন কাজটি করার জন্য তারা একে অন্যের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ। আশা করি নিজেদের মধ্যে আলোচনা করলে এ সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি হয়েও গেছে!’
তিনি আরো বলেন, ‘বৈধতা নিয়ে আমি তো অতটা সচেতন নই। তবে মনে হয় আমরা আমাদের তরফ থেকে যে পর্যায়ে যে অনুমতি নেওয়ার কথা তার সব ক’টি ধাপ পেরিয়েছি। আমি মনে করি একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটা কেটেও যাবে।
ইত্তেফাক/আনিসুর