ভারতে আনসারুল্লাহ বাংলা টিম সংশ্লিষ্ট এক জঙ্গিকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। রবিবার উত্তর প্রদেশের মোজাফফরনগর জেলা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় কর্মকর্তারা তার ছবি প্রকাশ করেছেন। উত্তর প্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) আইজি অসীম অরুণ জানিয়েছেন, আবদুল্লাহ নামের এই জঙ্গি মোজাফফরনগরের কুটেসরা এলাকায় অবস্থান করছিল। তাকে আনসারুল্লাহ বাংলা টিম সংশ্লিষ্ট উল্লেখ করে বলা হয়, সে সংগঠনের অন্যান্য সদস্যদের জন্য ভুয়া কাগজপত্র তৈরি করছিল। এটিএস থেকে বলা হয়, ২০১১ সাল থেকে ভারতে অবস্থান করছে। মোজাফফরনগরে আসার আগে আবদুল্লাহ সাহারাণপুরের দেওবন্দে ছিল আবদুল্লাহ।
এটিএস জানিয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন আবদুল্লাহ এবং তার কাছে থেকে ১১টি আধার কার্ড (ভারতীয় জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবদুল্লাহ বাংলাদেশ থেকে পালিয়ে আসা জঙ্গিদের ভারতে ভুয়া পরিচয়পত্র ও নথি প্রস্তুত করতে সহায়তা করেন।
আরো তিন জনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/সাব্বির