চিফ হুইপ আ স ম ফিরোজ বিচারকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, 'বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারক স্বাধীন না। পুলিশ প্রশাসন শান্ত, আর্মি শান্ত, দেশ শান্ত, সে সময় আপনারা একটি ঢোল নিয়ে নামছেন। এটা কিসের ইঙ্গিত ?'
তিনি বলেন, 'বিচারকদের নিয়োগ দেই আমরা (সংসদ) আপনারা আমাদেরকে মানতে চান না। ১৬ কোটি মানুষের নির্বাচিত পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্প্রিকারের বিরুদ্ধে ইমপিসমেন্ট আনা যায়। আপনারাতো তাদের ঊর্ধ্বে নন। একজন বিচারক অপরাধ করলে তার তদন্ত হবে এবং পার্লামেন্টে আসবে, পার্লামেন্টের দুই তৃতীয় অংশ সদস্য একমত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আপনারা সেটা মানতে চান না।'
রবিবার সকালে বাউফল উপজেলায় নবনির্মিত মৎস্য ভবন কাম-ট্রেনিং সেন্টার উদ্বোধন ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ আ স ম ফিরোজ এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে চিফ হুইপ আরো বলেন, 'যে কৃষকের জমি নেই, শুধু লাঙল আর গরু দিয়ে বর্গা চাষি হিসেবে অন্যের জমি চাষ করে, সে ব্যাংক থেকে কৃষি ঋণ পায়। কিন্তু যার নৌকা আছে, জাল আছে, জলাশয় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, সে জেলে ব্যাংক থেকে মৎস্য ঋণ পায় না।'
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 'পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামছুল আলম মিয়া, পটুয়াখালী বিদুৎ সমিতির ডিজিএম আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউপি'র চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, চিফ হুইপ'র এপিএস মো. আনিচুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, মো. জসিম উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/জামান