অন্যের চরিত্র হননের চেষ্টা করা জিয়ার ছেলেরাই আজ চরিত্রহীন: খালিদ

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'জিয়াউর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু উল্টো জিয়ার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোই জাতির সামনে চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।' 
 
রবিবার দিনাজপুরের বিরল উপজেলায় এক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে খালিদ আরো বলেন, 'জিয়ার এক ছেলে আরাফাত রহমান মাদকাসক্ত হয়ে মারা গেছে। আরেক ছেলে ফেরারি আসামী। খালেদা জিয়া এই ফেরারি আসামীর সঙ্গে ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন।'
 
'পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে এ জাতির সব অধিকারও কেড়ে নেয়া হয়েছিল' বলে দাবি করে খালিদ বলেন, 'এতদিন পর আবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ জাতি তার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ সব মৌলিক অধিকার পাচ্ছে। একটি হত্যাকাণ্ডের মাধ্যমে এ জাতিকে পঙ্গু করে দেয়া হয়েছিল। পিছিয়ে দেয়া হয়েছিল একশ' বছর। শেখ হাসিনার নেতৃত্বে এ জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে।'
 
বিরল উপজেলা পরিষদ চত্বরে চারদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা- ২০১৭, বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রিজ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার বই ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এর আগে তিনি বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করেন। শেষে তিনি রাণীপুকুর ইউপি'র বিষ্ণপুর উত্তরণ সংঘকে স্বাবলম্বী করার লক্ষ্যে কম্বাইন হারভেস্টর, পাওয়ার টিলার, ধান কাটার যন্ত্র, ধান মারার যন্ত্র (থ্রেসার), ধানের চারা রোপণ যন্ত্র, বীজ বপন যন্ত্র বিনামূল্যে বিতরণ ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
 
ইত্তেফাক/জামান