ষোড়শ সংশোধনী নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করছি : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের বিষয়টি আমরা দলীয়ভাবে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করছি। আমরা হুট করে কোনো বক্তব্য দিতে চাই না। 
 
রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে মেট্রেরেলের প্যাকেজ আট-এর আওতায় রেল কোচ এবং রেল ট্র্যাক সংগ্রহে সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, এখানে মাথা গরম করে কিছু করার কোনো সুযোগ নেই। পর্যবেক্ষণ করে যথাসময়েই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ। এ নিয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে মন্তব্য করেন তিনি। 
 
প্রসঙ্গত, গত ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর গত ১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ যেখানে স্বাধীন সেখানে ন্যায় বিচারের সন্দেহ কোথায়? খালেদা জিয়ার ন্যায় বিচার হবে কি, হবে না এ নিয়ে অহেতুক সন্দেহ কেন? কারণটা কি?’
 
ইত্তেফাক/ইউবি