উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান চীনের

উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। উ. কোরিয়ার উপর জাতিসংঘের নতুন অবরোধ আরোপের পরে ফিলিপাইনে এক বৈঠকে উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হোর প্রতি এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।
 
তবে ওয়াং জানাননি উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী কি প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে উ. কোরিয়ার উপর বাণিজ্য ও বিনিয়োগ অবরোধ আরোপের প্রস্তাব গৃহীত হয়। ওয়াং বলেন, নতুন এই অবরোধ অপরিহার্য ছিল কিন্তু এটা আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, নতুন পরীক্ষা চালিয়ে উ. কোরিয়া যেন আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন না করে। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অবস্থা এখন জটিল পর্যায়ে রয়েছে তবে এখনো এই বিষয়ে সংলাপ পুনরায় শুরু করা সম্ভব।
 
গত জুলাইয়ে দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দাবি করে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বিশেষজ্ঞরাও বলেছেন, উ. কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি নিউইয়র্ক পর্যন্ত আঘাত হানতে পারে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির