এখনো সক্রিয় দাউদ ইব্রাহিম

মাদক পাচার ও জাল নোটের কারবারে জর্জরিত ভারত। সম্প্রতি দেশটির গুজরাট উপকূলের কাছ থেকে ১৫শ’ কেজি হিরোইনের চালান বোঝাই এম ভি হেনরি নামের একটি জাহাজ আটক করেছে দেশটির গোয়েন্দারা। এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের বরাতেই জানানো হয়েছে, এসকল কাজে সরাসরি যুক্ত রয়েছে ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক মাফিয়া সম্রাট দাউদ ইব্রাহিম। 
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত জুন মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী বিস্তারিতভাবে জানিয়ে আসেন কীভাবে দাউদ এখনও গোটা উপমহাদেশে সন্ত্রাস ও মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে মার্কিন প্রশাসন পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে। কিন্তু ভারতীয় গোয়েন্দাদের মতে, এদেশে দাউদ যে কতটা সক্রিয় তা এম ভি হেনরি জাহাজ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হওয়া থেকেই স্পষ্ট। 
IMG0
গুজরাট উপকূলের কাছে আটক হওয়া ওই জাহাজের ক্যাপ্টেন ও সঙ্গীরা জানিয়েছে, ইরানের চাবাহার বন্দর থেকে দুবাই ঘুরে জাহাজটি করাচি আসে। সেখানে পরিকল্পনাহীনভাবে তিনদিন দাঁড়িয়ে ছিল জাহাজটি। কেনো তার কোনো স্পষ্ট জবাব নেই তাদের কাছেও। তাদের স্বীকারোক্তি, ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে করাচি ছাড়াও সংলগ্ন গদর বন্দরেও গিয়েছিল জাহাজটি। গোয়েন্দারা নিশ্চিত যে, করাচি থেকেই মাদক জাহাজে তোলা হয়েছিল। জাহাজটিকে পরে ভারতীয় নৌসেনারা পোরবন্দরে নিয়ে যান।
IMG1
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, ওই জাহাজের আসল গন্তব্যস্থল ছিল গুজরাটের আলঙ্গ বন্দর। গোয়েন্দারা বলছেন, আলঙ্গে জাহাজ ভেঙে ফেলার ব্যবসায় বিনিয়োগ রয়েছে দাউদ ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ীর। এক্ষেত্রে মাদকের পরিমাণ দেখে গোয়েন্দারা নিশ্চিত যে, ১৫শ’ কেজি মাদক কোনো বিশ্বস্ত জাহাজ ব্যবসায়ীর মাধ্যমে গুজরাটে ঢোকাতে চেয়েছিল দাউদ। সম্প্রতি দিল্লিতে জালনোট পাচারকারী এক বাংলাদেশিকে গ্রেফতারের পর জেরাতেই নাকি এসব তথ্য জানা গেছে। আনন্দবাজার।
 
ইত্তেফাক/সেতু