চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় গেলো বানু ওরফে গেলে (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ. ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডা দিয়েছে আদালত। একই আইনে অপর ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ডাদেশ, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নারী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকিষ্টপুর মহল্লার মো. তরিকুল ইসলামের স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট রামকিষ্টপুর মহল্লায় তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে ২৫০ পুরিয়ায় ৩০ গ্রাম হেরোইন ও ১০ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামের স্ত্রী গেলো বানু ওরফে গেলেকে গ্রেফতার করা হয়। ওই দিনই সদর থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওসি সারোয়ার হোসেন একই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই দণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/কেকে