‘হাইকোর্টের রায়ের আলোকে ইসি বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
 
তিনি বলেন, ‘২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে দেয়া হাইকোর্টের রায়ে সামরিক সরকারের সকল কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। আর আপিল বিভাগও সে রায়কে বহাল রেখেছে।’
 
ড. হাছান বলেন, ‘সামরিক সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায় দল হিসেবেও বিএনপি অবৈধ সংগঠন। ইসি চাইলে বিএনপির নিবন্ধনও বাতিল করতে পারে।’
 
হাছান মাহমুদ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে করা মন্তব্যের জবাবে এ কথা বলেন।
 
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ‘বঙ্গমাতা আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উত্স’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
 
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে উল্লাস করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কেননা আপনারাই ফেঁসে যেতে পারেন।’
 

ইত্তেফাক/এএম।