বঙ্গমাতার আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে নিয়োজিত থাকুন: রাষ্ট্রপতি

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শকে ধারণ করে দেশের কল্যাণে নিয়োজিত থাকতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল জাতীয়ভাবে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে তিনি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
 
রাষ্ট্রপতি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার এবং নারী সমাজের প্রেরণার উত্স। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই তিনি যে-কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তা, ধৈর্য ও সাহস নিয়ে দৃঢ়তার সাথে মোকাবিলা করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি আমৃত্যু স্বামীর পাশে থেকে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি দলকে মূল্যবান পরামর্শ দিতেন ও সহযোগিতা করতেন।
 
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে কারাবন্দি স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কার মাঝেও তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সাথে পরিসি’তি মোকাবিলা করেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাঁকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে তাই বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতার সহধর্মিণীই নন, বাঙালির মুক্তিসংগ্রামে তিনি অন্যতম অগ্রদূত। জাতির মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইত্তেফাক/এএম।