রাবিতে অবৈধ কিছুই ছাড় দেয়া হবে না : প্রক্টর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নব নিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেছেন, সব ধরনের অপকর্ম বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি বদ্ধ পরিকর। অবৈধ কোনোকিছুই ছাড় দেয়া হবে না। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা, বিনোদপুর, মেহেরচণ্ডিসহ আশে-পাশের এলাকায় যেসব শিক্ষার্থী থাকেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য সহকারী প্রক্টরদের নির্দেশ দেয়া হয়েছে। 
 
মত বিনিময়কালে সহকারী প্রক্টর ড. মো. রওশন জাহিদ, মো. জাহিদুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী এবং সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু ও প্রচার সম্পাদক সিরাজুচ সালেকীন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি