গত ৭ ফেব্রুয়ারি সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের নামী প্রযোজক ও পরিচালক করণ জোহর। তার সন্তানদের ভুয়া ছবি এর আগে বেশ কয়েক বার ভাইরাল হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। কখনও বা সন্তানদের কোলে নিয়ে করণকে ক্যামেরাবন্দি করতে চেয়েছেন পাপারাজ্জিরা।
কিন্তু এই প্রথমবার সন্তানদের ছবি নিজেই শেয়ার করলেন করণ। আর ভাই- বোনের ছবি শেয়ার করতে রাখির মতো বিশেষ দিনকেই বেছে নিয়েছেন করণ। ছবিতে মা হিরু জোহরের কোলে রয়েছে দুই ছোট্ট সন্তান। গত ৭ আগস্ট ছয় মাসে পা দেয় যশ ও রুহি।
কিছু দিন আগেই যশ ও রুহিকে ‘ধর্মা প্রোডাকশন’-এর সেরা কীর্তি বলেছিলেন করণ। তার কথায়, ‘আমার এখনও বিশ্বাস হয় না, ওরা আমার। আমার ক্ষেত্রে এটা অত্যন্ত সুখের, একই সঙ্গে প্রাণবন্তও। আমাকে বাবা ও মা, দু’জনের ভূমিকাই পালন করতে হচ্ছে। রোজ সকালে উঠে ওদের দেখি এবং নিজেকে ধন্য মনে করি। ধর্মা প্রোডাকশনস্-এর মাইলস্টোন যশ ও রুহি।’
কয়েক দিন আগে দুই ভাই- বোনের হাত ধরাধরি করে থাকা একটি ছবি পোস্ট করেছিলেন করণ। ছবি শেয়ার করার পর ওয়েব দুনিয়ায় দিনভর চর্চায় ছিল ছোট্ট যশ ও রুহি।
ইত্তেফাক/রেজা