চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইশাহাক আলিকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। শনিবার সকাল ১০ টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সভাপতি অ্যাড.মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, ইলামিত্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও পাঠাগারের সভাপতি তোহিদুল ইসলাম শাহিন, খ,ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, এশিয়ান স্কুলের প্রভাষক সাকিল রেজা, রেজাউল করিম ও শিক্ষার্থী সাকিল আহম্মেদ, ইমরুল হাসান প্রমুখ।
আরও পড়ুন: আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গ্রামপুলিশ নিহত
মানববন্ধনে বক্তারা এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইশাহাক আলিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসুচির ঘোষনা দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনায় তিনি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ ১৯ জনকে বিবাদী করে একটি মামলা দায়ে করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অধ্যক্ষ ইশাহাক আলীসহ উপজেলা জামায়াতের আমির মোবারক হোসেনকে গ্রেফতার করে। শনিবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম