আগামীকাল রাত ৯টায় প্রচার হবে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ির সামনে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১০ সালের ১২ জুন জমিদার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়।
উল্লেখ্য, দেশে খুঁজে পাওয়া জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটিই আয়তনের দিক থেকে সবচাইতে বড়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতামূলক ও শিক্ষামূলক প্রতিবেদন। বগুড়া জেলার কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যারা বংশানুক্রমে তাদের ব্যবসার আয়ের একটা অংশ দরিদ্র ও দুঃস্থ মানুষদের জন্য ব্যয় করে আসছেন।
ইত্যাদির এই পর্বে দর্শক বাছাই করা হয়েছে আমন্ত্রিত দর্শকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
ইত্তেফাক/আনিসুর