তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বদরামে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানাচ্ছে, স্থানীয় সময় সকাল আটটা ৪২ মিনিটে কেঁপে ওঠে আজিয়ান সাগর থেকে ১৫ কিলোমিটার দূরের উপকূলবর্তী বদরামের রিসোর্ট। ভূকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে এতো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তুরস্কের জরুরি পরিস্থিতি ও বিপর্যয় মোকাবিলা সংস্থা আবারো জানায়, সকাল এগারোটার কিছু আগে কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, তাতে কম্পনমাত্রা ছিল ৪ দশমিক ৯। জানা গেছে, বদরামের এই রিসোর্টটি তুরস্কের মানুষ এবং বিদেশিদের কাছে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর আকর্ষণীয় জায়গা। তাই এমন কম্পনে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। বেশিরভাগ মানুষ ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাদের মতে, গত দু’সপ্তাহ ধরে মৃদু কম্পন অনুভূত হচ্ছে, তবে এটা বেশ জোরালো ছিল। এক প্রত্যক্ষদর্শী বললেন, ‘গত কাল রাত থেকেই অল্প অল্প কম্পন টের পাচ্ছিলাম। তবে আজ সকালে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠেছিল ওই এলাকা।’
IMG0
বদরাম থেকে ৪ কিলোমিটার দূরে তুজলা গ্রামের এক বাসিন্দা বলছেন, ‘কম্পন বেশ বুঝতে পেরেছি। সোফায় বসে টের পেয়েছি। সিঁড়িটাও নড়ছিল।’ বদরামে অবশ্য এটা নতুন কিছু নয়, প্রায়শই ভূমিকম্প হচ্ছে। গতমাসে বদরাম উপকূল ও গ্রীসের কস দ্বীপে ভয়ঙ্কর কম্পন অনুভূত হয়েছিল। সুনামি সতর্কতা জারি হয়েছিল সেই সময়। তাতে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন পর্যটক ও এলাকার বাসিন্দারা। প্রাণ হারিয়েছিলেন দু’জন। আহত হন দু’শোরও বেশি মানুষ। জুনেও গ্রিসের লেসবস দ্বীপ ও তুরস্কের পশ্চিম উপকূলে কেঁপে উঠেছিল। সেই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তাতে ভেঙে পড়েছিল বাড়িঘর। প্রাণ হারিয়েছিলেন একজন।
ইত্তেফাক/সেতু