কাজে গাফিলতি : প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে কাজের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন। 
 
বুধবার দুপুরে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কের বেহাল দশা পরিদর্শন শেষে হাটিকুমরুল গোলচত্বররে তিনি এ নির্দেশ দেন। 
 
এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জে মহাসড়ক সংস্কার করার জন্য ৬ কোটি টাকা রবাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এ টাকায় ঠিক মত কাজ হয়নি। এর ফলে জনগনকে চরম দুর্ভোগ পোহাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরসহ নগড়বাড়ি-বগুড়া মহাসড়ক সংস্কারের নির্দেশ দেন। অন্যথায় কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন। 
 
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক কামরুন ন্নাহান সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি  
 
 
 
ইত্তেফাক/ইউবি