বাংলাদেশ-থাইল্যান্ডের যৌথ বাণিজ্য সভা শুরু

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ৪র্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা ৯ আগস্ট বুধবার শুরু হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সচিব পর্যায়ের এ সভায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ডিপার্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশনের মহাপরিচালক বানিয়ারিত কালায়ানমিথ। এর আগে জেটিসির ৩য় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল।
 
জানা গেছে, বুধবারের বৈঠকে থাইল্যান্ডের কাছে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্যসহ ৩৬ টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে দুই দিনের জেটিসি সভা সম্পন্ন হবে। সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম।
IMG0
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র মতে, প্রায় চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সভায় দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো দৃঢ় করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগে উৎসাহিত করা হবে। এর অংশ হিসেবে থাইল্যান্ডের নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল এ সভায় যোগ দিতে ঢাকা এসেছে।
IMG1
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রসারের সম্ভাব্য ক্ষেত্র ও কৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে এ সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা লাভবান হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন।
 
ইত্তেফাক/সেতু