ছাত্রলীগের ধাওয়ায় ঢাবি থেকে পালিয়ে গেল ছাত্রদলের কর্মীরা

ছাত্রলীগের নেতা-কর্মীদের ধমক ও ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর থেকেই পালিয়ে গেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি ডাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করে আসছে বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাম ছাত্র সংগঠনগুলোর আয়োজিত আলোচনা সভায় সংহিত জানাতে ডাকসু পর্যন্ত এসেছিল ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছিল ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারন সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। তারা যখন মধুর ক্যান্টিনে ঢুকতে যাবে সেময় কিছু ছাত্রলীগ নেতা-কর্মীর বাঁধার মুখে পরে। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধমক ও ধাওয়া দিলে তারা সেখান থেকেই পালিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পেরিয়ে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যান।
 
IMG0
 
বাঁধাদেয়া ছাত্রলীগ নেতাদের অন্যতম ছিলেন মহসীন হল ছাত্রলীগের সভাপতি সরকার রায়হান জহির। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, সকাল থেকেই ছাত্রদলের প্রায় ৫০/৬০ জন কর্মী ধীরে ধীরে ডাকসু ভবনের সামনে এসে জড়ো হন। এরপর সেখানে ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারীকে দেখে আমার বুঝতে পারি যে তারা ছাত্রদলের লোকজন। তারা যখন মধুর দিকে প্রবেশ করতে থাকে। তখন তাদের কাছে পরিচয় জানতে চাই। তারা বলে আমরা ছাত্রদল। তখন জিজ্ঞেস করে জানতে পারি তারা বামদের কর্মসূচিতে সংহতি জানাতে এসেছেন। তখন তাদের আমরা বলি এখানে যাদের ছাত্রত্ব নেই তারা মধুর ক্যান্টিনে যেতে পারবে না। যাদের ছাত্রত্ব নেই তাদেরকে এখনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে হবে। এসময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাতে আপত্তি জানালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। সঙ্গে সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রাণভয়ে পালিয়ে যান।
 
IMG1
 
ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ-আন্তর্জাতিক সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি রেজা ফরহাদ, সহ-সভাপতি আবদুল্লাহ আল যোবায়ের, মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, এস এম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতা-কর্মীরা।
 
এদিকে ছাত্রদলের নেতা-কর্মীরা পালিয়ে গেলে এরপর ঢাবির বিভিন্ন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দেয়।
 
এ বিষয়ে জানার জন্য ছাত্রদলের ঢাবি শাখার সভাপতিকে ফোন দেয়া হলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
 
ইত্তেফাক/রেজা