ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স বিল্ডিংয় চত্তরে এই মানববন্ধনে অংশ নেয় বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে আইন বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স খোলার পরিকল্পনা বাদ দিয়ে বিভাগের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের প্রতি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রসঙ্গত,‘মাস্টাসর অব লিগ্যাল স্টাডিজ’ নামে একটি সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স চালুর বিষয় বিশ^বিদ্যালয়ের বিবেচনাধীন রয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে রায়িদা কাইয়ুম বলেন, অন্যান্য বিভাগের তুলনায় আইন বিভাগে দেড় বছর পিছিয়ে আছে। শিক্ষকরা সময়মত খাতা না দেখতে পারায় ফল প্রকাশে দেরি হয়। এখনই শিক্ষকরা নিয়মিত ক্লাস-পরীক্ষা নিতে পারেন না; সেখানে নাইটকোর্স চালু হলে কীভাবে সম্ভব তা আমার বোধগম্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড বহন করেন। এগুলো ছিলো ‘সান্ধ্যকালীন কোর্স খোলার পায়তারা বন্ধ কর’, ‘শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা আমার অধিকার’, ‘বাণিজ্যিক নাইট কোর্স কোনভাবেই খুলতে দেওয়া হবে না’, ‘আইন বিভাগে নাইট কোর্স চলবে না’, ‘নাইটকোর্স চালুর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন’ ইত্যাদি।
সান্ধ্যকালীন কোর্স চালু বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ ইত্তেফাককে বলেন, এটা এখনো বিশ্ববিদ্যালয়ের বিবেচনাধীন। তার আগে শিক্ষার্থীরা এটি নিয়ে প্রপাগান্ডা করছে।
ইত্তেফাক/রেজা