উ. কোরিয়ার খুব সতর্ক থাকা উচিত: ট্রাম্প

চলমান যুদ্ধাবস্থা উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়াকে ‘বেশ সতর্কতার সঙ্গে’ এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউজার্সিতে নিজের গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটিকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর কোনো আক্রমণের চিন্তা করে থাকলে উত্তর কোরিয়াকে খুবই ভয়ে থাকা উচিত।’ 
IMG0
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন জানাচ্ছে, ‘অল্প কিছু দেশের মতো উত্তর কোরিয়ার সাম্রাজ্যও বিপদে পড়বে। তার পূর্বসূরিরা উত্তর কোরিয়ার ব্যাপারে দুর্বল ছিলেন, কিন্তু তিনি এমনটা করবেন না’ বলেও জানিয়েছেন ট্রাম্প।
IMG1
প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামে এ মাসের মধ্যেই হামলা চালানোর হুমকি দেয়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ধরণের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে, ঘাঁটিটিতে হুয়াসং-১২ নামের চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।
IMG2
তবে এ সমস্যা সমাধানে চীনের আরো অনেক কিছু করার আছে বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সশস্ত্র যুদ্ধ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তবে কূটনৈতিক পদক্ষেপ কাজে আসছে বলেও জানান তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, যুক্তরাষ্ট্রে আঘাত আসলে তারা উত্তর কোরিয়ার বিপক্ষে যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উপরে কোনো আঘাত আসলে আনজুস চুক্তি ভঙ্গ হবে এবং যুক্তরাষ্ট্রের পাশে থাকবে অস্ট্রেলিয়া। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু