পাবনায় মহানায়িকার ৮৮তম জন্মবার্ষিকী পালিত

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা পাবনার কন্যা সুচিত্রা সেনের ৮৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ও পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী পালন করা হয় মহানায়িকার জন্মবার্ষিকী পালন।
 
শনিবার সকাল থেকে শুরু হয় বিভিন্ন আনুষ্ঠানিকতা। সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক কমিটি। এতে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় ও বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন এবং বিকেলে আলোচনা সভা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, কলকাতার আহ্বায়ক দেবারতী ভট্টাচার্য জানান, পাবনায় সুচিত্রা সেন সংগ্রহশালা এবং তার জন্মদিন উদযাপন দেখে তিনি আনন্দিত। 

উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী।

তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আরো পড়ুন: যৌন হয়রানির অভিযোগ করায় শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

১৯৬৩ সালে 'সাত পাকে বাঁধা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন। শোনা যায়, ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল; কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি।২০১২ সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়।

ইত্তেফাক/অনি