উ. কোরিয়া ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হ্যালির সঙ্গে বৈঠকের পর নিউজার্সিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে শি’র সঙ্গে তার ফোনে কথা হবে।’
 
তিনি বলেন, এ ব্যাপারে ‘আমরা চীনসহ অন্যান্য দেশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’ উল্লেখ্য, চীন ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। কিন্তু দেশটি গত সপ্তাহান্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কিম জং উন সরকারের বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয়।
 
এদিকে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং শুক্রবার উভয় পক্ষকে ‘তাদের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য ও পদক্ষেপের ব্যাপারে সতর্ক হওয়ার এবং চলমান উত্তেজনা প্রশমণে ভূমিকা রাখার আহ্বান জানান।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু