ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো জাপান

জাপান শনিবার প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। সম্প্রতি উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ায় দেশটি এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নিয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে একথা বলা হচ্ছে।
IMG0
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগযুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে গেছে। সরকারি সম্প্রচারকেন্দ্র এনএইচকে জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলে শাইম্যান, হিরোশিমা ও কোচিতে প্যাট্রয়েট এডভান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) ক্ষেপণাস্ত্র পদ্ধতি মোতায়েন করছে। কারণ উত্তর কোরিয়ার হুঁশিয়ারি অনুযায়ী, তারা এ পথ দিয়েই গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
IMG1
এনএইচকে আরো জানায়, জাপান এছাড়াও পার্শ্ববর্তী ইহিমে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করছে। দেশটির সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদা সুগা চলতি সপ্তাহে বলেন, জাপান সরকার উত্তর কোরিয়ার কোনো প্রকার হুমকি বরদাশত করবে না। দেশটির সামরিক বাহিনী হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু