শিল্পী আব্দুল জব্বারের শারীরিক অবস্থা স্থিতিশীল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ-তে চিকিৎসাধীন শিল্পী আব্দুল জব্বারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।শিল্পীর অবস্থার উন্নতি হলে শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
আব্দুল জব্বার দীর্ঘদিন যাবত কিডনীর সমস্যা ও উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগছেন। এ ছাড়া তার প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি জনিত সমস্যাও রয়েছে। 
 
গত ২৯ এপ্রিল কিডনীর সমস্যা নিয়ে তিনি ভর্তি হন এবং তার হেমোডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়। শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
 
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান আজ চিকিৎসাধীন শিল্পী আব্দুল জব্বারকে দেখতে যান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। 
 
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
 
উপাচার্য ডি ব্লকের সিসিইউ-২-তে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর অধীনে চিকিৎসাধীন এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানকেও দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা