এবার রাবিতে জনসংযোগ প্রশাসকের পদত্যাগ

অব্যাহতি চেয়ে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান। 
 
নতুন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর থেকে রেজিস্ট্রার, গ্রন্থাগার প্রশাসক, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন তিনি। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। 
 
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার ড. এম এ বারী বলেন, জনসংযোগ দফতরের প্রশাসক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে উপাচার্য পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। 
 
এ বিষয়ে অধ্যাপক মশিহুর রহমান জানান, স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
 
প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মশিহুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।
 
ইত্তেফাক/ইউবি