তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু চলচ্চিত্র আন্দোলনের জন্য বড় ধাক্কা। বাংলাদেশের চলচ্চিত্রে নতুন আলোর দিশা দিয়েছিলেন এ জুটি। তার নির্মিত মাটির ময়না ছবিটি কান চলচ্চিত্র উত্সবে অর্জন করেছিল সমালোচক পুরস্কার। চলচ্চিত্র নির্মাণে স্বতন্ত্র কৌশলের পাশাপাশি ছবি প্রদর্শনীর ক্ষেত্রেও ব্যতিক্রমী ছিলেন এই নির্মাতা। এভাবেই দেশের চলচ্চিত্র আন্দোলনে আমাদের জন্য প্রেরণার উত্স হয়েছিলেন তারেক মাসুদ।
গতকাল ১৩ আগস্ট ছিল বাংলা চলচ্চিত্রের নতুন বাঁক সৃষ্টিকারী নির্মাতা তারেক মাসুদ এবং চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। সিনেমার ফেরিওয়ালা হিসেবে খ্যাত এই জুটিকে স্মরণ করা হয়েছে নানা আয়োজনে। তাদের স্মরণে ছবি এঁকেছেন চিত্রশিল্পীরা। প্রদর্শিত হয়েছে চলচ্চিত্র। রোপণ করা হয়েছে নবীন বৃক্ষ। এদিন ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিফলকে। এছাড়াও সেখানে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনছারী প্রমুখ। এর আগে জোকা প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ছবি এঁকে স্মরণ করলেন বন্ধু-স্বজনরা
বন্ধু-স্বজনরা ছবি এঁকে স্মরণ করলেন অকাল প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শামসুন্নাহার হলের মাঝের অংশে শিল্পী ঢালী আল মামুনের ভাস্কর্যের পাশে সারাদিন ধরেই এই ছবি আঁকা চলে। দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরদের গাড়িতে ছিলেন শিল্পী ঢালী আল মামুনও। মিশুক মুনীরের পরিবার এই শ্রদ্ধা নিবেদন পর্বের আয়োজন করে। মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর বলেন, শিল্পীদের আঁকা এসব ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। এসব ছবি বিক্রি হলে তবে সড়ক দুর্ঘটনা নিয়ে যারা কাজ করেন তাদের তা দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মিশুক মুনীরের স্ত্রী কানিজ ফাতেমা কাজী (মঞ্জুলি কাজী), নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
শিল্পকলায় স্মরণ অনুষ্ঠান
শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে স্মৃতিতর্পণ এবং ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৭’ আয়োজন করে। এতে অংশ নেন সাংস্কৃতিক নাট্যজন রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্পী ঢালী আল মামুন প্রমুখ। তারেক মাসুদ স্মারক বক্তৃতা করেন চলচ্চিত্র নির্মাতা প্রসূণ রহমান। প্রারম্ভিক আলোচনা ও সঞ্চালনা করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। সভাপতিত্ব করেন এফএফএসবি সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।
শেষ হলো ২২তম
জাতীয় চারুকলা প্রদর্শনী
শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় চারুকলা প্রদর্শনী শেষ হলো। গতকাল জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান। এবারের প্রদর্শনীতে ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম স্থান পেয়েছিল।
ইত্তেফাক/নূহু