স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আলকায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইএস, আলকায়েদা বলে প্রচার করে। রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু দেশিয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশে কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাঙালি বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করেছে।’ বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘মা ছেলে মিলে বিদেশে গিয়ে যতই ষড়যন্ত্র করুন, ক্ষমতায় আসতে পারবেন না। জনগণের ইচ্ছা ছাড়া বিদেশিদের দালালি করে বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। খালেদা জিয়া সরকারেও যেমন ব্যর্থ তেমনি আন্দোলনেও ব্যর্থ।’
ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ইত্তেফাক/এমআর