‘ভয়েস অব রাম’ দিয়ে শান্তির বার্তা

‘ভয়েস অব রাম’ নামে শান্তির পক্ষে প্রচারণা চালানো ফেসবুকভিত্তিক একটি গ্রুপ গত রাতে একটি গান পোষ্ট করেছে। ১২ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে তিন লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। দশ হাজারের মত শেয়ার করা হয়েছে গানটি। উদ্যোক্তারা একে বলছেন ‘পিস অ্যানথেম’ বা শান্তির জাতীয় সঙ্গীত।
IMG0
জানা গেছে, প্রতিবেশী ভারত-পাকিস্তানের জাতীয় সঙ্গীতের মিশেলে দেশ দুটির একদল তরুণ শিল্পী এই গান গেয়েছেন। কাশ্মীর নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই তারা ছড়িয়ে দিতে চেয়েছেন শান্তির বার্তা। ভিডিওর শুরুতেই পর্দায় ভেসে ওঠে একটি বাক্য ‘শিল্পের জন্য আমরা যখন সীমান্ত খুলে দেই, তখন শান্তির দেখা মেলে।’
IMG1
দেখা যায়, একটি গানেরই প্রথম অংশে পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘পাক সার জমিন সাদ বাদ’ গাইছেন একদল শিল্পী। পরের অংশে সেই শিল্পীদেরই দেখা যায় ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগনমন অধিনায়ক জয় হে’ গাইছেন। এদের কাউকে কাউকে রেকর্ডিং স্টুডিও থেকে, আবার কাউকে কাউকে দুই দেশের বিভিন্ন স্থানে গানে গলা মেলাতে দেখা যায়। গানটি শেষে পর্দায় ভেসে ওঠে ‘আসুন শান্তি পক্ষে দাড়াই।’
‘ভয়েস অব রাম’ এর প্রধান চলচ্চিত্রকার এবং রাজনৈতিক আন্দোলন কর্মী রাম সুব্রামানিয়ন বলেছেন, অনেক মানুষই আছেন যারা শান্তির পক্ষে কথা বলতে ভয় পায়। তাদের অযৌক্তিক ভীতি দূর করার জন্য এই ভিডিও। গানটি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। পাকিস্তানের ডন পত্রিকা একে ‘অবাক করা’ উপহার হিসেবে আখ্যা দিয়ে বলছে গানটি শুনতে বেশ ভালো। উল্লেখ্য, পাকিস্তানের ৭০ তম স্বাধীনতা দিবস আজ। আগামীকাল তার ঐতিহাসিক প্রতিপক্ষ ভারত পালন করবে নিজের ৭০ তম স্বাধীনতা দিবস। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু