জি বাংলা বন্ধ এবং সাংসারিক দ্বন্দ্ব

 

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সম্প্রচার (সাময়িক) বন্ধ হয়ে গেছে। এর ফলে একটি সংসারের হঠাত্ বদলে যাওয়া দৃশ্য ছড়ায় ছড়ায় ভেবেছেন আশরাফুল ইসলাম

 

হঠাত্ করে থেমে গেল জামাই বউয়ের দ্বন্দ্ব,

একমাত্র কারণ হলো—জি বাংলা বন্ধ।

আগে যখন অফিস থেকে ফিরত স্বামী বাসায়,

টেলিভিশনে চোখ রাখত খবর দেখার আশায়।

সে আশায় গুড়ে বালি রিমোট বউয়ের হাতে,

মেজাজখানা বিগড়ে যেত স্বামীর সেইসব রাতে।

সিরিয়াল দেখা চলতে থাকে বন্ধ করে রান্না,

কখনো আবার বালিশ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না।

খবর দেখা হয় না স্বামীর, তাই তো স্বামী ক্ষুব্ধ,

বউয়ের সাথে লেগে যেত মাঝে মাঝে যুদ্ধ।

কখনো আবার রিমোট নিয়ে অহেতুক টানাটানি,

একটুখানি বকা দিলেই বউয়ের চোখে পানি।

হঠাত্ করে এই যুদ্ধের হয়ে গেল অবসান,

বন্ধ হলো জামাই বউয়ের ঝগড়া, মান-অভিমান।

সংসারে ফিরে এল শান্তি আর আনন্দ,

একমাত্র কারণ হলো জি বাংলা বন্ধ।