বন্যা দুর্গতদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে : খালিদ

বন্যা দুর্গতদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। 
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। যাদের ঘর-বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেয়া হবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে; সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সোমবার দিনাজপুরের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের খোঁজ খবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। 
 
বন্যায় নিহতদের কয়েকজনের জানাজায় অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‍তিনি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। ত্রাণ তৎপরতার এক পর্যায়ে বিরল উপজেলার কাঞ্চন ব্রিজের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালিদ মাহমুদ। 
 
বন্যা দুর্গতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনারা একা নন, নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে। 
 
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সকল কর্মকর্তাকে ত্রাণ তৎপরতা আরো জোরদার করতে ত্বরিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি