কামরুজ্জামান দিশারি
দেখলে ইলিশ পকেট কাঁপে
তাই ওদিকে যাই না
আগের দিনে পান্তা খেলেও
এখন আমি খাই না।
পান্তা দিয়ে পুঁটি ভাজা
তাকেও আর পাই না
ফ্যাশন বাড়ে, বাড়েনি সেই
গতিতে আর মাইনা।
গায়ের জোরে পান্তা-ইলিশ
বোশেখ শুরুর খাদ্য
মুড়কি-মুড়ি খায় না সেদিন
বাজায় ইলিশ বাদ্য।
কালো টাকায় গরম লোকের
চলেও বাবুগিরি
ফেসবুকেরই খোরাক যোগায়
হায়! কী মুখের শ্রী!
এই সে দিনে রংবাজেরা
গিলবে ইলিশ-জাটকা
পুরো বছরজুড়েই সেটা
খাইত গরিব টাটকা।
হাজার টাকায় ইলিশ কিনে
এ কোন বাহাদুরি
পেঁয়াজ মরিচ ভর্তা তেলে
পান্তা গাঁজাখুরি!
পান্তা ও ইলিশ খোরের
এমন ধুম আর চাই না
পশ্চিমা ভূত ধরছে ওদের
পান্তা আমি খাই না।