লাদাখে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। ভারতের অভিযোগ ভারতের প্যাংগং লেক সংলগ্ন এলাকায় মঙ্গলবার চীনা বাহিনী সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকেছিল।
ভারতের সীমান্তরক্ষীরা হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও তারা পিছু না হঠায় দু’পক্ষে খ-যুদ্ধ বেঁধে যায় বলে জানা গেছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রালয়ের এক মুখপাত্র জানালেন, এমন কোনও ঘটনার কথা তার জানা নেই। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে চীন সব সময়ই দায়িত্বশীল বলেও দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের বাহিনী সব সময় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি-কে মেনে চলে বলে বুধবার মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। মিডিয়ার সঙ্গে নিয়মিত সাক্ষাৎকারে তাকে মঙ্গলবারের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। চীনা সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢোকে এবং তার জেরেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে ভারতের অভিযোগ।
হুয়া চুনয়িং সে অভিযোগ নাকচ করে বলেছেন, লাদাখে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের কোনও খবর তার জানা নেই। তিনি বলেন, ‘চীন-ভারত সীমান্তে শান্তি বজায় রাখতে চীন অঙ্গীকারাবদ্ধ।’ নয়াদিল্লির প্রতি চুনয়িং-এর বার্তা, ‘ভারতকে আমরা বলছি যে এলএসি এবং সংশ্লিষ্ট প্রথাগুলোকে মেনে চলুন।’ বাসস।
ইত্তেফাক/সাব্বির