ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ আরো কঠোর হয়েছে। গত তিনদিনে দেশটিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। এরমধ্যে শুধু একরাতে পুলিশের অভিযানে ২৬ জন নিহত হয়েছে। বাকিরা সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযানে নিহত হয়।
পুলিশ জানায়, বুলাকান প্রদেশে সোমবার রাতে তারা যে অভিযান চালায় তাতে ৩২ জন নিহত হয়। এ সময় শতাধিক লোককে গ্রেফতার করা হয়। তবে পুলিশের এই অভিযান নিয়ে সমালোচনারও কমতি নেই। কেউ কেউ বলছেন, অনেক নিরীহ মানুষকে অভিযানের নামে গ্রেফতার করা হয়েছে। আবার এ নিয়ে আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তাতে করে প্রেসিডেন্ট দুতের্তের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও অভিযোগ উঠছে। অবশ্য প্রেসিডেন্ট এসবের তোয়াক্কা না করে তিনি তার মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট দুতের্তে ২০১৬ সালে মাদকের বিরুদ্ধে তার লড়াই শুরু করার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। অবৈধ মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ করার জন্য তার এই অভিযান আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে। কেননা বিশ্বে এ ধরনের প্রাণহানির ঘটনা খুব কমই ঘটেছে।
শুধু মাদকবিরোধী অভিযানে নয়, অতীতে তিনি বিচারবহির্ভূত হত্যারও অনুমোদন করেছেন। পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিককালের এই রক্তাক্ত অভিযান দেখে বোঝা যাচ্ছে মাদকের বিরুদ্ধে প্রেসিডেন্ট দুতের্তের লড়াই এখনও চলমান একটি প্রক্রিয়া। গত মাসেই এক জনসভায় দুতের্তে মাদক ব্যবহারকারীদের লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি অপরাধীদের খুঁজে বের করে তার ভাষায় তাদের 'জাহান্নমের রাস্তা' দেখিয়ে দেবেন। এদিকে চলমান এ অভিযান নিয়ে নানা সমালোচনা হলেও ফিলিপাইনের বহু লোক একে সাধুবাদ জানিয়েছে। অনেকেই বলছেন, প্রেসিডেন্টের এই অভিযানের পর রাস্তাঘাট আগের থেকে নিরাপদ হয়েছে। বিবিসি,রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির