অস্ট্রেলিয়ান কোচের পরীক্ষা
স্পোর্টস রিপোর্টার
মোহামেডান ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ সিনলেন। দায়িত্ব নিয়েছেন মাত্র তিন দিন আগে। প্রথম ধাক্কায় আজ শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে মোহামেডানকে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ও বসুন্ধরা কিংসের লড়াই। মাঠের লড়াইয়ে শক্তি না থাকলেও দন্তহীনবাঘ মোহামেডানের নামের ভার আছে।
বসুন্ধরা কিংসের নাম থাকালেও আছে শক্তিমত্তা। আছে বিজয়পতাকা ওড়ানোর স্বপ্ন। ৯ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা এখন সবার উপরে। আর মোহামেডান ১৩ দলের মধ্যে ১১ নম্বরে। পয়েন্ট মাত্র ৫। জয় একটি। এমন দলের বিপক্ষে সহজ কথায় বলা যায় ভোটাভুটি হলে বসুন্ধরার পাল্লাই ভারী হবে। মোহামেডানের নতুন কোচ অস্ট্রেলিয়ান সিনলেন সেটা বুঝতে পারবেন কিনা জানা যায়নি। তবে ফুটবল খেলাটা যেহেতু তার জানা আছে তাতে এক কথায় পরিষ্কার, ১০ মিনিটেই বুঝে যাবেন বসুন্ধরার তলোয়ার কতোটা ধারালো। ডাগআউটে নড়েচড়ে বসার আগেই যদি গোল হজম করে পিছিয়ে যায় তাহলে সেখান থেকে ফিরে আসা মোহামেডানের জন্য কঠিন। আবার এটাও বলা যায় উল্টো ঘটনাও ঘটতে পারে। অস্ট্রেলিয়ান কোচের সেই ভাগ্যই পরীক্ষা হবে আজ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায়।
ময়মনসিংহে সাইফের জয়
আবাহনীর কাছে হেরে ছুটিতে গিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ এক মাসের বন্ধের পর কাল যখন পুনরায় মাঠে গড়ালো সাইফ জয় দিয়ে শুরু করলো। ময়মনসিংহের মাঠে কাল বিকালে সাইফ স্পোর্টিং ১-০ গোলে হারিয়েছে লিগের নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাবকে। ১২ মিনিটের কোরিয়ান ফুটবলার সিউনগিল পার্ক গোল করেন। সাইফ ১০ খেলায় ২০ পয়েন্ট নিয়ে এখন শেখ রাসেলের সমান।
ব্রাদার্স রহমতগঞ্জ গোলশূন্য ড্র
বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়াই করতে নেমে ব্রাদার্স এবং রহমতগঞ্জ গোল শূণ্য হয়। লিগের খেলা বন্ধ হওয়ার আগে ব্রাদার্স হার দিয়ে শেষ করেছিল। আর রহমতগঞ্জ জয় নিয়ে শেষ করেছিল। এক মাসের বিরতির পর কোনো পরিবর্তন হয়নি ব্রাদার্সের। রহমতগঞ্জ উল্টো পয়েন্ট হারালো। দুই দলের কথা হচ্ছে অনেক বন্ধ থাকলে খেলার ছন্দ থাকে না।
আজকের খেলা
মোহামেডান ও বসুন্ধরা কিংস। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা। ৬টা ৩০ মিনিট, সিলেট জেলা স্টেডিয়াম।