নাশকতা মামলায় রাবি শিক্ষার্থীসহ চারজন জেলে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর ও মেহেরচণ্ডী এলাকা থেকে শিবির সন্দেহে আটক চারজনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 
 
শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। 
 
গ্রেফতারকৃতরা হলেন- রাবির ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান আকাশ, ভর্তিচ্ছু রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু রুমান, বিনোদপুর ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির আনিসুর রহমান ও আমিনুল ইসলাম।
 
ওসি মেহেদী হাসান জানান, ‘নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
 
এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতরা। এতে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক, আবাসিক হলগুলোসহ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন শিক্ষার্থীদের পরিচয়পত্র চেক করে পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য এবং ছাত্রলীগ নেতাকর্মীরা।
 
প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রক্টরিয়াল বডির সদস্যরাও তৎপর আছে।’
 
 
ইত্তেফাক/ইউবি