আবাহনী-রূপগঞ্জ:এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস রিপোর্টার

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত সমান্তরালে ছিল চারটি ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার সবচেয়ে শক্তিশালী দল আবাহনী ক্রীড়াচক্রের সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছিল তিনটি ক্লাব। ধীরে ধীরে পিছিয়ে পড়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নবম রাউন্ড পর্যন্ত আবাহনীর সঙ্গেই চলছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

আজ শুরু হতে চলা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে মুখোমুখি হচ্ছে এই দুটি ক্লাব। দুই দলের জন্যই ম্যাচটি তাই এগিয়ে যাওয়ার মঞ্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-রূপগঞ্জ লড়াইয়ে জয়ী দল শিরোপার পথে এগিয়ে যাবে। শিরোপা ও পয়েন্ট তালিকার শীর্ষে একচ্ছত্র আধিপত্য ধরে রাখার দিক থেকে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।

একই দিনে বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বিকেএসপির বিরুদ্ধে। সুপার লিগে উন্নীত হওয়ার জন্য এ ম্যাচ জিততেই হবে শেখ জামালকে। আট ম্যাচে তাদের জয় চারটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। আজ জিতলে দোলেশ্বরেরও সুপার লিগ নিশ্চিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।

নয় ম্যাচে আটটি করে জয় আবাহনী ও রূপগঞ্জের। তবে রান রেটে এগিয়ে আছে আবাহনী। ম্যাচটার গুরুত্ব টের পাচ্ছে দুই শিবিরই। গতকাল সকালে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে দুই দল। অনুশীলন শেষে আজকের ম্যাচ নিয়ে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘রূপগঞ্জের সঙ্গে আমরা আপাতত শীর্ষে আছি। কালকের (আজ) ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কাল (আজ) যে জিতবে তারা টেবিলে এগিয়ে যাবে। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানিয়েছি। কাগজে কলমে আমরা অনেক শক্তিশালী অবশ্যই। তবে রূপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে।’

সুজনের আশা সামর্থ্য অনুযায়ী খেললে আবাহনীই জিতবে আজ। গতকাল তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো দল। আমরা ম্যাচ জেতার কথা চিন্তা করতেই পারি। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং সব খেলোয়াড় যদি ঠিক মতো ক্লিক করে তাহলে আবাহনী অনেক শক্তিশালী দল আমি মনে করি।’

এক ঝাঁক তারকা ক্রিকেটারে পূর্ণ আবাহনীকে হারাতে হলে সব বিভাগে শৃঙ্খলিত পারফরম্যান্স দরকার বলে মনে করেন রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। গতকাল অনুশীলন শেষে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আবাহনী অবশ্যই ভালো দল। তবে এই টুর্নামেন্টে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের টিম এখন পর্যন্ত আবাহনীর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে। আমাদের পয়েন্ট সমান, রান রেটে একটু তফাত্ আছে। ক্রিকেট খেলা তো, দিন শেষে বলা খুব কঠিন। মিরপুরে শেষ ম্যাচে দেখেছি, মোহামেডান এত বড় স্কোর করেও ডিফেন্ড করতে পারেনি। আশা করি কালকের (আজ) ম্যাচে ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ের তিন বিভাগেই শৃঙ্খলা, নিয়ন্ত্রণ রেখে পারফর্ম করবে তারাই জিতবে।’

দুর্দান্ত টিম স্পিরিট নিয়ে লিগে এগিয়ে যাচ্ছে রূপগঞ্জ। আবাহনীকে হারানো অসম্ভব নয় বলে মনে করেন শাহরিয়ার নাফিস। তিনি বলেছেন, ‘প্রাইম ব্যাংক তো হারিয়েছে। কোনো টিমকেই হারানো অসম্ভব না। ক্রিকেট খেলা, দিন শেষে ব্যাটে বলে খেলা হবে। যেই টিম শৃঙ্খলিত পারফরম্যান্স করবে সেই টিম জিতবে।’