বিশ্বকাপ ২০১৯
স্পোর্টস রিপোর্টার
তিন ফরম্যাটে অধিনায়ক পাল্টানোর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অধিনায়ক না থাকলেও দলে জায়গা পেতে কোনো সমস্যা হয়নি আসগর আফগানের। ২৩ সদস্যের এই দলটিকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে অনুশীলন ক্যাম্প।
যদিও, এসিবির অধিনায়ক পাল্টানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দলের শীর্ষ ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী। বিশ্বকাপের মাস খানেক আগে এই সিদ্ধান্ত দলকে মানসিকভাবে বিপর্যস্ত করবে বলে তাদের ধারণা।
প্রধান নির্বাচক দৌলত আহমাদজাই এক বিবৃতিতে বলেন, ‘গেল চার বছর যাবত্ আফগানিস্তান দলকে নেতৃত্ব দিয়ে আসগর আফগান দলকে অনেক অর্জন এনে দিয়েছেন। আশা করি, গুলবাদিন নাইব এই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।’
২৮ বছর বয়সী নাইবের সামনে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বকাপ। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ। যদিও, এর আগেই নিজেকে ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন নাইব। মে মাসেই স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর একটি করে ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে।
২৩ সদস্যের আফগানিস্তান দল
গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ নুর আলী জাদরান, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, নজিব জাদরান, দারউইশ রাসুলি, মুজিব উর রহমান, শফিকউল্লাহ শাফাক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কাইস আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, সাইয়েদ শিরজাদ, সামিউল্লাহ সিনওয়ারি।